কবির হোসেন জমাদ্দারঃ
ঢাকা-আরিচা মহাসড়কসহ সাভার অঞ্চলের বিভিন্ন মহাসড়কে যানজট নিরসনে জোরালো ভূমিকা রাখছে সাভার হাইওয়ে থানা পুলিশ। বিশেষ করে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহাজাহানের নেতৃত্বে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা উচ্ছেদে নিয়মিত অভিযান পরিচালনার ফলে মহাসড়কে যানজট অনেকটাই কমে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
জানা গেছে, দীর্ঘদিন ধরে ঢাকা-আরিচা মহাসড়কে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা, ইজিবাইক ও ধীরগতির যানবাহনের কারণে প্রায়ই তীব্র যানজটের সৃষ্টি হতো। এতে করে যাত্রী সাধারণ ও পরিবহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হতো। তবে সম্প্রতি সাভার হাইওয়ে পুলিশের ধারাবাহিক অভিযানের ফলে পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে।
সাভার হাইওয়ে থানা সূত্রে জানা যায়, মহাসড়কে অবৈধভাবে চলাচলকারী ব্যাটারিচালিত অটোরিকশা ও অন্যান্য ধীরগতির যানবাহনের বিরুদ্ধে প্রতিদিনই অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানে অনেক যানবাহন আটক করা হচ্ছে এবং চালকদের সতর্ক করা হচ্ছে যাতে ভবিষ্যতে তারা মহাসড়কে এসব যানবাহন না চালায়।
স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, আগে প্রায় প্রতিদিনই ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন স্থানে দীর্ঘ যানজট লেগে থাকত। কিন্তু বর্তমানে হাইওয়ে পুলিশের কঠোর নজরদারি ও নিয়মিত অভিযানের কারণে যানজট অনেকটাই কমেছে। এতে সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শাহাজাহান বলেন, “মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। বিশেষ করে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা যাতে মহাসড়কে চলাচল করতে না পারে সেদিকে আমরা কঠোর নজরদারি রাখছি। যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।”
তিনি আরও বলেন, মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে সাভার হাইওয়ে পুলিশ ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, হাইওয়ে পুলিশের এই ধারাবাহিক উদ্যোগ অব্যাহত থাকলে মহাসড়কে যানজট কমার পাশাপাশি দুর্ঘটনাও অনেকাংশে হ্রাস পাবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ কবির হোসেন জোমাদ্দার ।
সময় দিগন্ত টিভি © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত