ঢাকা-১৮ আসনে গণজোয়ার: এস এম জাহাঙ্গীরের পক্ষে উত্তরা পলওয়েল মার্কেটে বিএনপির বিশাল গণমিছিল

নান্নু মিয়া, স্টাফ রিপোর্টারঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের দাবিতে এবং ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর উত্তরা পলওয়েল মার্কেট এলাকায় এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে ঢাকা মহানগর উত্তর ও পশ্চিম থানা বিএনপির উদ্যোগে আয়োজিত এই গণমিছিলটি আহ্বায়ক মোঃ মিলনের নেতৃত্বে পলওয়েল মার্কেট চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন, যা পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
গণমিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ঢাকা-১৮ আসনের জননন্দিত নেতা এস এম জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন,দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য তারেক রহমানের নেতৃত্বে বিএনপি মাঠে নেমেছে। জনগণের দোয়া ও সমর্থন থাকলে ইনশাআল্লাহ পরিবর্তন আসবেই।”
সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা এস এম জাহাঙ্গীর হোসেনকে ঢাকা-১৮ আসনে বিএনপির মনোনয়ন দেওয়ার দাবিতে স্লোগান দেন। তারা আশা প্রকাশ করেন, নির্বাচিত হলে তিনি এলাকার উন্নয়ন, জনসেবা ও তরুণ সমাজের কর্মসংস্থানে অগ্রণী ভূমিকা রাখবেন।
গণমিছিলে উত্তরা পশ্চিম থানা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন। পুরো কর্মসূচি জুড়ে বিএনপির নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়, যা আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-১৮ আসনে বিএনপির শক্তিশালী অবস্থানকে আরও দৃঢ় করেছে।







